স্টাফ রিপোর্টার
, যশোর
পিতা ও মাতাকে মারপিটের দায়ে জাহিদ ইকবাল জুয়েলকে এক মাস ও হাসপাতালে নারীদের উত্ত্যক্ত করায় সুজন মজুমদারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত (সামারি কোর্ট)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল পুলিশের দেওয়া প্রতিবেদনের উপর শুনানি ও আসামিরা দোষ স্বীকার করায় এ আদেশ দিয়েছেন।
আসামি জাহিদ ইকবাল জুয়েল যশোর শহরের শংকরপুরের ইশরাক আলীর ছেলে ও সুজন মজুমদার চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের সত্য মজুমদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার মোজাফফর হোসেন।
অভিযোগে জানা গেছে, শংকরপুরের ইশরাক আলীর মাদকাসক্ত ছেলে জুয়েল তার মায়ের কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় সে তার পিতা ও মাতাসহ পরিবারের লোকজনদের মারপিট করে। এ ঘটনায় জুয়েলের পিতা ইশরাক আলী থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে। বৃহস্পতিবার প্রতিবেদনসহ জুয়েলকে আদালতে সোপর্দ করে পুলিশ। আদালতের প্রতিবেদনের উপর শুনানি ও আসামি জুয়েল দোষ স্বীকার করায় বিচারক তাকে এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অপরদিকে, বৃহস্পতিবার যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারী রোগীদের অশালীন কথাবার্তা বলে উত্ত্যক্ত করছিল সুজন মজুমদার। এ সময় উপস্থিত অন্য রোগীদের স্বজনরা তাকে ধরে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে হাসপাতাল ক্যাম্পের পুলিশের কাছে সোপর্দ করে।
বিকেলে কোতোয়ালি থানা পুলিশ আটক সুজন মজুমদারকে প্রতিবেদনসহ একদিনের বিচারিক আদালতে (সামারি ট্রায়াল) সোপর্দ করে। প্রতিবেদনের উপর শুনানি ও আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।