মুফতি আরিফুল ইসলাম ফয়সাল
পরিচ্ছন্নতা একটি সুন্দর, সুস্থ ও সভ্য সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। একটি দেশের উন্নয়ন শুধু বড় বড় ভবন, প্রশস্ত সড়ক কিংবা আধুনিক স্থাপনা দিয়ে পরিমাপ করা যায় না; বরং সে দেশের মানুষের সচেতনতা, পরিচ্ছন্নতাবোধ এবং পারস্পরিক অধিকার রক্ষার মানসিকতাও উন্নয়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি। অথচ আমাদের সমাজে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধের যথেষ্ট অভাব লক্ষ করা যায়। বিশেষ করে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা, ফুটপাত দখল, রাস্তার ওপর দোকানের মালামাল রাখা এবং নির্মাণসামগ্রী ফেলে রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করা এখন নিত্যদিনের চিত্র।
পরিচ্ছন্নতা ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা
ইসলাম পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক। সহিহ মুসলিম: ২২৩
এ হাদিস থেকে বোঝা যায়, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত অভ্যাস নয়; বরং এটি ইমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’ সুরা বাকারা: ২২২
ইসলামের পরিচ্ছন্নতার শিক্ষা ব্যক্তির শরীর, পোশাক ও ঘরবাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সমাজের পরিবেশ, রাস্তাঘাট, বাজার, মসজিদ ও জনসাধারণের ব্যবহার্য স্থান পরিচ্ছন্ন রাখাও এর অন্তর্ভুক্ত।
পথঘাট পরিচ্ছন্ন রাখা সদকাতুল্য
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সদকা। সহিহ বুখারি: ২৯৮৯; সহিহ মুসলিম: ১০০৯
কী চমৎকার শিক্ষা! রাস্তা থেকে একটি কাঁটা, পাথর কিংবা ক্ষতিকর বস্তু সরিয়ে দিলেও মানুষ সদকার সওয়াব পায়। অথচ দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের অনেকেই রাস্তা পরিষ্কার করার পরিবর্তে নিজের স্বার্থে রাস্তা ও ফুটপাত দখল করে রাখেন। কেউ দোকানের পণ্য ফুটপাতে সাজিয়ে রাখেন, কেউ ইট-বালু-রড ফেলে রাখেন, আবার কেউ রাস্তার অংশবিশেষ দখল করে স্থায়ী বা অস্থায়ী স্থাপনা তৈরি করেন। ফলে সাধারণ মানুষ চলাচলের অধিকার থেকে বঞ্চিত হয়।
ফুটপাত দখল: নাগরিক অধিকার হরণের নাম
ফুটপাত তৈরি করা হয় পথচারীদের নিরাপদে চলাচলের জন্য। কিন্তু ফুটপাত দখল হয়ে গেলে পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হয়। এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। বিশেষ করে শিশু, বৃদ্ধ, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিরা চরম দুর্ভোগের শিকার হন।
একজন বৃদ্ধ যখন ফুটপাত না পেয়ে ব্যস্ত সড়ক দিয়ে হাঁটেন, তখন তার জীবনের ঝুঁকি তৈরি হয়। একজন মা যখন শিশুকে নিয়ে যানবাহনের মাঝখান দিয়ে চলাচল করতে বাধ্য হন, তখন ফুটপাত দখলের ক্ষতিকর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
ব্যবসা-বাণিজ্য করা অবশ্যই বৈধ ও সম্মানজনক কাজ। কিন্তু নিজের ব্যবসার স্বার্থে অন্যের চলাচলের অধিকার নষ্ট করার অনুমতি কারও নেই। জনসাধারণের চলাচলের জায়গা ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করা নৈতিকতা ও নাগরিক দায়িত্বের পরিপন্থি।
জনদুর্ভোগ সৃষ্টি করা ইসলামের দৃষ্টিতে অন্যায়
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, নিজের ক্ষতি করা যাবে না এবং অন্যের ক্ষতি করাও যাবে না। সুনান ইবনে মাজাহ: ২৩৪০
এটি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ফিকহি মূলনীতি। এ নীতির আলোকে মানুষের চলাচলে বাধা সৃষ্টি করা, রাস্তা নোংরা করা, ড্রেন বন্ধ করে দেওয়া এবং জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করা নিন্দনীয় কাজ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন, ‘প্রকৃত মুসলমান সে, যার জিহ্বা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে।’ সহিহ বুখারি: ১০; সহিহ মুসলিম: ৪০
অতএব, আমাদের এমন কোনো কাজ করা উচিত নয়, যার কারণে অন্য মানুষ কষ্ট পায় কিংবা ক্ষতিগ্রস্ত হয়।
পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের করণীয়
পরিচ্ছন্ন সমাজ গঠন শুধু সরকারের দায়িত্ব নয়; এটি প্রত্যেক নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ অত্যন্ত জরুরি।
প্রথমত, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। নির্ধারিত স্থানে ময়লা ফেলতে হবে এবং ড্রেন ও জলাশয়ে পলিথিন কিংবা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে।
দ্বিতীয়ত, ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখলমুক্ত রাখতে হবে। দোকানদারদের নিজস্ব নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। নির্মাণসামগ্রী রাখার ক্ষেত্রেও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তৃতীয়ত, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, বাজার কমিটি, মসজিদের ইমাম-খতিব এবং সামাজিক সংগঠনগুলোকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিয়মিত তদারকি এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফুটপাত দখল ও জনদুর্ভোগ বন্ধ করতে হবে।
চতুর্থত, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের পরিচ্ছন্নতা এবং নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলতে হবে।
আসুন, আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হই। পরিচ্ছন্নতা রক্ষা করি, ফুটপাত দখলমুক্ত রাখি এবং মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করি। কারণ একটি পরিচ্ছন্ন সমাজ শুধু সুন্দর পরিবেশ উপহার দেয় না; বরং মানুষের নিরাপত্তা, সুস্বাস্থ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং মানবিক মর্যাদাও নিশ্চিত করে।
লেখক: মুহাদ্দিস, আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসা, যশোর