মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভারত সীমান্তসংলগ্ন একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) সকালে উপজেলার দারিয়াপুর গ্রামের নাওগাড়া মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১১টার দিকে নাওগাড়া মাঠের ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির বয়স ৪৫ বছরের মতো বলে ধারণা করছে পুলিশ।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, 'খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।'
'আমরা পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে,' বলেন ওসি।