যশোর, বাংলাদেশ || শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে এক মাসে ঝরেছে ২০ প্রাণ

মহাসড়কে নিষিদ্ধ থ্রিহুইলারের দাপট

আইন আছে, প্রয়োগে শৈথিল্য

শাহারুল ইসলাম ফারদিন

, যশোর

প্রকাশ : শুক্রবার, ১৩ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
মহাসড়কে নিষিদ্ধ থ্রিহুইলারের দাপট

মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে রয়েছে নিষেধাজ্ঞা। আইন প্রয়োগের দায়িত্ব হাইওয়ে পুলিশের। কিন্তু যশোরের মহাসড়কগুলোতে সেই নিষেধাজ্ঞার কার্যকর প্রতিফলন নেই। অটোভ্যান, গ্যাসচালিত অটোরিকশা, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা অবাধে চলাচল করছে। মহাসড়কে দেখা মেলে স্থানীয়ভাবে নির্মিত শত শত যানবাহন, যার কোনো লাইসেন্সই নেই। কোথাও যাত্রী নিয়ে, কোথাও মালামাল বোঝাই করে এসব যানবাহন ছুটছে মহাসড়কের ওপর দিয়ে।

অভিযোগ রয়েছে, একসময় যেসব যানবাহন মহাসড়কে উঠতেই বাধার মুখে পড়তো, এখন সেগুলো অনেকটাই নির্বিঘ্ন।

এর মধ্যে গত অক্টোবর মাসে যশোরের বিভিন্ন মহাসড়কে অন্তত ৭০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২০ জনের বেশি মানুষের প্রাণহানি এবং তিন শতাধিক মানুষ আহত হয়ে যশোর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

জেনারেল হাসপাতালের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় আহত ও দুর্ঘটনাকবলিত ৩০২ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দশজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ২৯২ জন চিকিৎসা নেন। এদের মধ্যে ২০১ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান এবং ৯১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি রোগীদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়। এর আগের মাস সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় পাঁচজনকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন সংশ্লিষ্ট ডাক্তার। ওই মাসে আহত ৩৪৪ জন চিকিৎসা নেন। এর বাইরে বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নেওয়া দুর্ঘটনাকবলিত মানুষের সঠিক হিসেব নেই।

পুলিশ ও বিআরটিএ’র তথ্য অনুযায়ী, যশোর সদর, চৌগাছা, ঝিকরগাছা, মণিরামপুর ও শার্শাসহ জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেল, বাস, ট্রাক, পিকআপ, ইজিবাইক, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনায় জড়িত ছিল।

যশোরের বিভিন্ন মহাসড়কের নিরাপত্তার দায়িত্ব তিনটি হাইওয়ে থানার মধ্যে বিভক্ত। এর মধ্যে নওয়াপাড়া হাইওয়ে থানার ২৩ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকা যশোরের রাজারহাট থেকে খুলনার ফুলতলা পর্যন্ত। রাজারহাটের উত্তর অংশ থেকে ঝিনাইদহের কালীগঞ্জ ও বারোবাজার হয়ে ঝিনাইদহ সদর সীমানা পর্যন্ত যশোর-ঝিনাইদহ মহাসড়কের অংশের দায়িত্ব পালন করে বারোবাজার হাইওয়ে থানা। এই থানার দায়িত্বপূর্ণ সড়কের দৈর্ঘ্য প্রায় ৩৫ কিলোমিটার। অন্যদিকে যশোরের নাভারন হাইওয়ে থানার দায়িত্বের মধ্যে রয়েছে যশোর-বেনাপোল মহাসড়ক এবং নাভারন-সাতক্ষীরা মহাসড়কের অংশবিশেষ। এই থানার দায়িত্বপূর্ণ এলাকার দৈর্ঘ্য প্রায় ৫৩ কিলোমিটার। যশোর সদরের চাঁচড়া ও ঝিকরগাছা এলাকার সীমানা থেকে শার্শা হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত যশোর-বেনাপোল মহাসড়ক এই থানার আওতায় রয়েছে।

তিনটি হাইওয়ে থানার কার্যক্রম থাকলেও মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধ হচ্ছে না।

স্থানীয়দের অভিযোগ, নিয়মিত অভিযান ও নজরদারির ঘাটতির কারণে এসব যানবাহন দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। যশোর জেলার ওপর দিয়ে যাওয়া যশোর-ঝিনাইদহ, যশোর-খুলনা, যশোর-মাগুরা, যশোর-নড়াইল ও যশোর-বেনাপোল মহাসড়কে তিন চাকার যানবাহন চলছে অবাধে।

যশোর-বেনাপোল মহাসড়কের চাঁচড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে রয়েছে শতাধিক তিন চাকার যানবাহন। অটোভ্যান, ইজিবাইক, নছিমনসহ বিভিন্ন ধরনের যানবাহন যাত্রী তোলার অপেক্ষায়। কেউ যাত্রী নিয়ে মহাসড়কে উঠছে, কেউ আবার মালামাল বোঝাই করে চলাচল করছে। ব্যস্ত মহাসড়কের পাশে এসব যানবাহনের অবস্থান ও চলাচলে তৈরি হচ্ছে বাড়তি ঝুঁকি।

সেখানে কথা হয় ইটবোঝাই নছিমনের চালক সবুর হোসেনের সঙ্গে। মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা ও পুলিশের তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘পুলিশ আগে আমাদের মহাসড়কে উঠতেই দিতো না। গাড়ি আটকাতো, এখন কেউ কিছু কয় না।’

চুড়ামনকাটির ছাতিয়ানতলা এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, যশোর-ঝিনাইদহ মহাসড়কটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মহাসড়কে নিষিদ্ধ গ্যাসচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক চলাচল করছে। এসব যানবাহন উল্টো পথে চলতে গিয়েও দুর্ঘটনার শিকার হচ্ছে।

নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠু বলেন, মহাসড়ক ও শহরতলির সড়কগুলো আলাদাভাবে চিহ্নিত করে যান চলাচলের নিয়ম নির্ধারণ করতে হবে। শুধু তিন চাকার যান নয়, ফিটনেসবিহীন বাস ও অতিরিক্ত গতিও দুর্ঘটনার কারণ। দুর্ঘটনা কমাতে মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন ও গতিসীমা কার্যকর করতে হবে।

যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন বলেন, মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহন দুর্ঘটনা বাড়াচ্ছে। অথচ মহাসড়কে অধিকাংশ দুর্ঘটনার দায় পড়ছে বাসচালকের ওপর। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা সবই চলছে। এসব যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনের প্রয়োগ দেখা যাচ্ছে না।

মহাসড়কে ছোট যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচলের মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এর মধ্যে শিশু ও পরিবারের একাধিক সদস্যের প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গত শনিবার যশোর সদর উপজেলার কচুয়া এলাকায় বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরভ্যানের ধাক্কায় আহত হয় ছয় বছরের শিশু সাজিদ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৯ অক্টোবর সোমবার ঝিকরগাছা উপজেলার ফুলতলা এলাকায় ভ্যান ও গরুবোঝাই নছিমনের সংঘর্ষে একই পরিবারের দুই শিশু শোভন (১০) ও দিশা (৩) নিহত হয়। পূজা দেখতে যাওয়ার পথে পরিবারটি দুর্ঘটনার শিকার হয়। এতে শিশু দুটির বাবা সাধন কুমার, মা, নছিমনের চালক ও একজন যাত্রী আহত হন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘মহাসড়কে তিন চাকার যানবাহন ঝুঁকি বাড়াচ্ছে। দুর্ঘটনার জন্য বেশির ভাগ ক্ষেত্রে দায়ী এসব ছোট যানবাহন। কখন, কীভাবে চালাতে হয়, কোনো প্রশিক্ষণ নেই এসব যানবাহনের চালকদের। যে কারণে দুর্ঘটনার বড় কারণ। আমরা তাদের উঠতে দিই না, তারপরও ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়।’

২০১২ সালের অক্টোবরে উচ্চ আদালত মহাসড়কে গ্যাসচালিত তিন চাকার অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেন। পরবর্তী সময়ে মহাসড়কে বিভিন্ন ধরনের অনুপযোগী ও নিষিদ্ধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে আইনগত বিধিনিষেধ ও প্রশাসনিক নির্দেশনা রয়েছে। কিন্তু বাস্তবে এসব বিধিনিষেধের যথাযথ প্রয়োগ দেখা যাচ্ছে না।

সড়ক দুর্ঘটনারোধে শুধু সড়ক নির্মাণ কিংবা গতিনিয়ন্ত্রণের অবকাঠামো তৈরি যথেষ্ট নয় বলে মনে করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) যশোরের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা। তার মতে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সওজ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), হাইওয়ে পুলিশ এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যশোর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ও অফিস প্রধান মোহাম্মদ জমির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক, যানবাহনের মালিক, যাত্রী ও পথচারী সবার সচেতনতা প্রয়োজন। বিশেষ করে চালকদের দক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা থাকতে হবে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পুলিশ নিয়মিত কাজ করছে। ফিটনেসবিহীন ও নিবন্ধনহীন যানবাহন, বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার না করার বিরুদ্ধে অভিযান চলছে।
তিনি বলেন, সড়কে বাস, ট্রাক, মিনিবাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যাওয়ায় যানবাহনের চাপ তৈরি হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)