স্টাফ রিপোর্টার
, যশোর
রূপসী বাংলার বর্ষার ঐতিহ্য তুলে ধরে সুরধুনী সংগীত নিকেতনের উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক আয়োজন শ্রাবণের গান অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা মিলনায়তনে সংগঠনের জ্যেষ্ঠ শিল্পীদের সমবেত কণ্ঠে-‘রিমঝিম ঐ নামিল দেয়া...’ গানের সুর মূরচ্ছনায় পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে ছোট-বড় প্রায় শতাধিক শিল্পী তাদের সর্বোচ্চ নিবেদনে শ্রোতাদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে অর্ধশতাধিক খুদে শিল্পীর সমবেত কণ্ঠের পরিবেশনা ‘সারাদিন মেঘলা আকাশ...’ এবং ‘সবুজের দেশে শুধু সবুজ গান’ পুরো মিলনায়তনে খানিকটা সুরের আবেশে এগিয়ে দেয়। পাশাপাশি শিশুদের দলীয় নৃত্য ‘আয় বৃষ্টি ঝেঁপে...’ উপস্থিত দর্শকদের মনে এক নির্মল আনন্দের দোলা দেয়।
অহেনজিতা, মজুরা রহমান, তিথি অধিকারী, পারমিতা ভদ্র, শ্যামলী দাস, ইউসরা মানহা, শারমিন হক, মনিরুজ্জামান মুকুল, প্রত্যাশা, সুমন শেখ, মৌসুমী আক্তার, অর্পণা দাস, শচীন বর্মন, কৃষ্ণা ভক্ত, ডলি রহমান, ললিতা বিশ্বাস, তাওহীদুল ইসলাম এবং তরিকুল ইসলাম একক কণ্ঠে দর্শকদের বিমোহিত করে তোলেন।
অনুষ্ঠানের শেষলগ্নে তরিকুল ইসলামের কণ্ঠে বিচ্ছেদ ও বেদনাবিধুর গান ‘যারে হারায়েছি...’ পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
সংগীত পরিচালনা করেন তাওহীদুল ইসলাম ও ললিতা বিশ্বাস। তবলায় ছিলেন অমিতাভ রাজ, মোহন ধর, সুজন দাস ও অনিক পাল এবং হারমোনিয়ামে তাওহীদুল ইসলাম। উপস্থাপনা করেন তরিকুল ইসলাম
অনুষ্ঠানে শুভেচ্ছাবার্তায় সংগঠনের সভাপতি হারুন অর রশিদ যশোরের সাংস্কৃতিক ঐতিহ্যকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
সুর ও নৃত্যের এমন আড়ম্বরপূর্ণ পরিবেশনা উপস্থিত সংস্কৃতিপ্রেমী দর্শকের হৃদয় বাতায়নে দোলা দিয়ে যায়।