মেহেরপুর প্রতিনিধি
বাড়ির সীমানাপ্রাচীরের ছাদ ভেঙে সোহাগ হোসেন (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গেটের ছাদ ধরে নামার সময় হঠাৎ সেটি ভেঙে তার শরীরের ওপর পড়ে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ হোসেন ওই গ্রামের আব্দুস সালামের ছেলে এবং স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির সীমানাপ্রাচীরে উঠে পেয়ারা পাড়ছিল সোহাগ। প্রাচীর থেকে নামার সময় হঠাৎ সেটা ভেঙে সোহাগের শরীরের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। স্বজনরা তাকে কুষ্টিয়ায় নেওয়ার গাংনী হাসপাতাল বাজার এলাকায় তার অবস্থার আরও অবনতি হয়। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাহিদ হাসান বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।