মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মঞ্জুরুল ইসলাম (৩০) নামে এক এনজিও কর্মী গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
এদিকে, একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পরিবারটিতে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ মঞ্জুরুলকে দ্রুত সুস্থ শরীরে ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।
মঞ্জুরুল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের উথালী গ্রামের গোলাম কুদ্দুস সরদারের ছেলে। তিনি উপজেলার নহাটা বাজার এলাকায় অবস্থিত 'রোভা ফাউন্ডেশন' নামের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ মে জুন বুধবার প্রতিদিনের মতোই অফিমে যান মঞ্জুরুল। কাজ শেষে রাত আনুমানিক আটটার দিকে তিনি অফিস থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু গভীর রাত হয়ে গেলেও তিনি বাড়িতে পৌঁছাননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজের সময় মঞ্জুরুলের সাথে তার ব্যবহৃত একটি টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল ছিল, যার রেজিস্ট্রেশন নম্বর খুলনা হ- ১২৮৮৭৮।
এছাড়া মোটরসাইকেলের সাথে অফিসের কালেকশনের টাকা ও গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাগজপত্রসহ ছিল বলে জানা গেছে।
নিখোঁজ মঞ্জুরুল ইসলাম স্ত্রী সামিরা আক্তার হিমা বলেন, 'প্রতিদিনের মত সে কিস্তি সংগ্রহ করতে বের হয়। গত ৩ জুন মঙ্গলবার বিকাল ৫টা ১৯ মিনিটে শেষ কথা হয়েছে। সে বলেছিল পরের দিন বিকালে আসবে। কিন্তু তিন দিন হয়ে গেল ওর কোনো খোঁজ নেই। থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা সব জায়গায় খুঁজেছি। প্রশাসন যেন আমার স্বামীকে দ্রুত খুঁজে বের করে দেয়।'
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, 'এনজিও কর্মী নিখোঁজের ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত করতে আমাদের টিম অলরেডি কাজ শুরু করেছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।'