মেহেরপুর প্রতিনিধি
কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি সার পাচারের অভিযোগে মেহেরপুরের মুজিবনগরে এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযুক্ত ডিলারের কাছ থেকে টিএসপি, এমওপি ও অন্যান্য রাসায়নিক সারের ৪০টি সারভর্তি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা ওই ডিলারের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা।
আদালত সূত্র জানায়, মেহেরপুরে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের মেসার্স ফয়সল ট্রেডার্সের মালিক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক রবিকে সরকারি সার পাচারের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কৃষকরা টিএসপি, এমওপি ও অন্যান্য রাসায়নিক সারসহ ৪০ বস্তা সার পাচারের সময় আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, তারা সার কিনতে গেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হতো। অথচ সেই সার অবৈধভাবে অন্যত্র পাচার করা হচ্ছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের ডিলারশিপ বাতিল করার দাবি জানান তারা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু শাহমা বলেন, সরকারি সার অবৈধভাবে পাচারের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।