মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার বরনাতুল বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বুধবার (১৭ জুন) মাগুরা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, পিপিএম-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. ইজাজুল বিশ্বাস (২৬), পিতা: বিল্লাল হোসেন এবং মো. নয়ন ইসলাম (২৪), পিতা: মৃত রুস্তম ইসলাম। তারা উভয়েই মাগুরা সদর উপজেলার বরনাতুল বেপারীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বরনাতুল বেপারীপাড়ায় রবিউল হোসেনের বাড়ির সামনের পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের ওসি মো. কাওছার আলম। এ সময় এসআই মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই মো. সাইফুল ইসলামসহ ডিবির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ আরও জানায়, জেলাকে মাদকমুক্ত করতে তাদের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সাথে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।