নকল বিএসটিআই সিল ব্যবহার:
মাগুরা প্রতিনিধি
নকল বিএসটিআই সিল ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে মাগুরা শহরের ভাই ভাই বেকারিতে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে মাগুরা শহরের নতুন বাজার ব্রিজ এলাকায় ভাই ভাই বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্র জানায়, প্রতিষ্ঠানটিকে এর আগে দুই দফা সতর্ক করা হলেও তারা নকল বিএসটিআই সিল ব্যবহার বন্ধ করেনি। বরং ওই সিলযুক্ত খাদ্যপণ্য বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
অভিযানে বেকারির উৎপাদন পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ভেতরে অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা বাথরুম, হাত পরিষ্কারের জন্য সাবানের ব্যবস্থা না থাকা এবং কর্মীদের হেয়ার নেট ও হ্যান্ড গ্লাভসসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার না করার বিষয়টি ধরা পড়ে। এসব কারণে খাদ্য উৎপাদনের পরিবেশ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করে ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।
মাগুরা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, নকল বিএসটিআই সিল ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার আইনের ৪৩ ও ৪৪ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় সাত দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।