যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সঙ্কটে যশোর জেনারেল হাসপাতাল, ৩৬০ শয্যায়ও কুলাচ্ছে না

সৈয়দ মোস্তফা হাসমী

, যশোর

প্রকাশ : রবিবার, ১৫ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
সঙ্কটে যশোর জেনারেল হাসপাতাল, ৩৬০ শয্যায়ও কুলাচ্ছে না

বৃহত্তর যশোর অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল যশোর জেনারেল হাসপাতাল এখন নানা সংকটে জর্জরিত। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত আড়াইশ’র বিপরীতে অতিরিক্ত ১১০টি সংযোজন করে ৩৬০ শয্যার ব্যবস্থা করা হলেও রোগীর চাপ সামলানো যাচ্ছে না। প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০-এর বেশি এবং কখনো ৯০০ রোগী ভর্তি থাকছে।

হাসপাতালটি মূলত যশোর জেলার জন্য হলেও আশপাশের জেলার প্রায় ৪০ শতাংশ রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে ওয়ার্ডের মেঝে, বারান্দা ও করিডোরে বিছানা পেতে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।

তীব্র শয্যা সংকট

হাসপাতালে বর্তমানে ১৫টি ওয়ার্ড রয়েছে। প্রতিটি ওয়ার্ডেই ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী ভর্তি। বিশেষ করে মহিলা ও পুরুষ মেডিসিন, শিশু, মহিলা সার্জারি, প্রসূতি ও গাইনি ওয়ার্ডের অবস্থা সবচেয়ে নাজুক।

গত ৬ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত ওয়ার্ডভিত্তিক তথ্যে দেখা গেছে, পুরুষ মেডিসিন ওয়ার্ডে গড়ে প্রতিদিন ১৩০ থেকে ১৭০ জন রোগী অবস্থান করেন। অনুমোদিত ২৬টির বিপরীতে কর্তৃপক্ষ ৩৬টি শয্যা করেছে। মহিলা মেডিসিন ইউনিট-১ ও ২-এ অনুমোদিত ১৪টির সঙ্গে অতিরিক্ত যোগ করে ৭৪টি শয্যা করা হলেও রোগী থাকেন গড়ে ৯০ থেকে ১২০ জন। মহিলা পেইং ওয়ার্ডে ১৫টির বিপরীতে ৩৫, গাইনি ওয়ার্ডে ১১টির বিপরীতে ২৪টি এবং লেবার ওয়ার্ডে ১৫টির বিপরীতে ২৫টি শয্যা রয়েছে। এসব বিভাগে অতিরিক্ত শয্যা সংযোজনের পরও ২০-২৫ জন রোগীকে ফ্লোরে থাকতে হয়। মহিলা সার্জারিতে ৪২টির বিপরীতে ৪৭টি শয্যা থাকলেও রোগী থাকে ৭০ থেকে ৮৫ জন। শিশু ওয়ার্ডে ২৪টির বিপরীতে ৩১টি শয্যা। সংক্রামক ওয়ার্ডে ছয়টি শয্যার বিপরীতে ৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। অতিরিক্ত রোগী মেঝে, করিডোর ও সিঁড়িতে অবস্থান করেন। কার্যকর কেবিনের সংখ্যা খুবই সীমিত; অনেক কেবিন চিকিৎসকদের চেম্বার, ওষুধের স্টোর এবং কর্মচারীদের কেবিন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

চিকিৎসক-নার্সসহ অন্যান্য পদে শূন্যতা

এতো রোগীর চাপ সামলাতে হাসপাতালে মূলত নয়টি বিভাগে অনুমোদিত ৬৮ চিকিৎসক পদের বিপরীতে কর্মরত ৫৭ জন। শূন্য রয়েছে ১১টি পদ। এর মধ্যে তত্ত্বাবধায়ক পদ ২০১৬ সালে বিলুপ্ত হওয়ার পর উপপরিচালককে ওএসডি করে ভিন্ন ব্যবস্থায় প্রতিষ্ঠানপ্রধানের দায়িত্ব পালন করানো হচ্ছে। সিনিয়র শিশু বিশেষজ্ঞ, সিনিয়র সার্জারি বিশেষজ্ঞ, সিনিয়র ইএনটি, জুনিয়র অর্থো-সার্জারি, জুনিয়র মেডিসিন ও জুনিয়র গাইনি বিশেষজ্ঞসহ গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। অ্যানেসথেসিওলজিস্ট ও রেডিওলজিস্টের দুটি পদও শূন্য। জরুরি বিভাগের পাঁচটি ইএমও পদের মধ্যে একটি শূন্য।

সিনিয়র নার্সদের অনুমোদিত ২৪৪টি পদের মধ্যে তিনটি শূন্য। সেবা তত্ত্বাবধায়ক, সুপারভাইজার, মিডওয়াইফারি ও সহকারী নার্স পদেও শূন্যতা রয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, স্টোরকিপার, ওয়ার্ড বয়, আয়া, ওটি বয়, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী ও মালিসহ সহায়ক পদে ৪৭টি শূন্য। এসব পদ ৪৭ জন স্বেচ্ছাসেবক দিয়ে চালানো হচ্ছে।

ইন্টার্ন চিকিৎসকদের ওপর নির্ভরতা

জনবল সংকট কাটাতে যশোর মেডিকেল কলেজের ক্লিনিক্যাল চিকিৎসকদের এখানে যুক্ত করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৩৫ জন চিকিৎসক এবং ৭৫ জনেরও বেশি ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের বেশিরভাগই কেবল সকালে হাসপাতালের ওয়ার্ডে রাউন্ড দিয়েই দায়িত্ব শেষ করেন। বাকি সময় তারা বেসরকারি ক্লিনিকে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত থাকেন। অফিস সময়ের পর সহকারী রেজিস্ট্রার ও ইন্টার্নদের দায়িত্বে থাকার নিয়ম থাকলেও তা পালিত হয় না। ফলে, পুরো চিকিৎসাসেবা কার্যত ইন্টার্নদের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।

রোগী ও স্বজনদের অভিযোগ, সিনিয়র চিকিৎসকদের দায়িত্ব এখন পালন করছেন ইন্টার্নরা। কোনো সিনিয়র চিকিৎসক নিয়মিত অপারেশন না করলেও সহকারী রেজিস্ট্রার, মেডিকেল অফিসার ও ইন্টার্নরা কোনোভাবে অপারেশন চালু রেখেছেন। অভিযোগ রয়েছে, বিশেষজ্ঞদের অবহেলায় প্রতিদিন ১০-১৫ জন রোগীকে খুলনা ও ঢাকায় রেফার করা হয়। প্রায় দেড়শ’ রোগী চিকিৎসা না পেয়ে হাসপাতালের সামনে বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছেন। পরে তাদের রিলিজ খাতায় ‘পলাতক’ হিসেবে চিহ্নিত করা হয়, যা মেডিকেল এথিক্স-বহির্ভূত।

এদিকে, বিশেষজ্ঞ চিকিৎসকের অবহেলায় হাসপাতালের কর্মচারী আব্দুল মালেকের স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পারফোরেশনজনিত (অন্ত্র ছিদ্র) সমস্যায় অপারেশনের প্রয়োজন থাকলেও ৩-৪ দিন তাকে শুধু ওষুধ দেওয়া হয়। পরে আইসিইউতে স্থানান্তর করা হলেও অপারেশন না করে ঢাকায় রেফার করা হলে বিনা চিকিৎসায় হাসপাতালেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।

চিকিৎসায় দীর্ঘসূত্রতা

একজন রোগীর মূল চিকিৎসা শুরু হতে দুই ঘণ্টা থেকে একদিন পর্যন্ত সময় লাগছে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রোগীর কাছে না গিয়ে স্বজনদের কথা শুনে টিকিটে স্বাক্ষর করে ওয়ার্ডে পাঠিয়ে দেন। ওয়ার্ডে নার্সরা স্বজনদের ইন্টার্ন চিকিৎসকের কাছে পাঠান ব্যবস্থাপত্রের জন্য। এরপর ওষুধ কিনতে এবং পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সকালের শিফটের পর দুপুর ১২টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত সাধারণ রোগীদের চিকিৎসা চলে মূলত স্বজনদের বর্ণনার ওপর ভিত্তি করে।

যশোর সদর উপজেলার মন্ডলগাতি গ্রামের রোগী আজিজুল ইসলাম বলেন, একদিকে নোংরা পরিবেশ, অন্যদিকে জায়গার সংকট। গাদাগাদি করে থাকতে হচ্ছে। রোগীর সঙ্গে এসে স্বজনরাও অসুস্থ হয়ে যাচ্ছেন।

মহিলা মেডিসিন ওয়ার্ডের রোগী আয়েশা আক্তার বলেন, ‘শ্বাসকষ্টের কারণে ভর্তি হয়েছি। কিন্তু চিকিৎসকের দেখা পাইনি। কিছু ছেলে-মেয়ে এসে চিকিৎসা দিচ্ছে।’ ছেলে-মেয়ে বলতে তিনি ইন্টার্ন চিকিৎসকদের বুঝিয়েছেন।

বরাদ্দ সংকট ও ভোগান্তি

হাসপাতাল আড়াইশ’ শয্যার হলেও প্রতিদিন তিনগুণেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। কিন্তু সরকারি বরাদ্দ একই রয়ে গেছে। অতিরিক্ত রোগীর কারণে প্রয়োজনীয় ওষুধ ও খাবারের সংকট দেখা দিচ্ছে। অনেক পরীক্ষা-নিরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টার থেকে করাতে হচ্ছে। আড়াইশ’ রোগীর জন্য সরকারিভাবে প্রায় ৮৪ প্রকার ওষুধ বরাদ্দ, কিন্তু রোগীর আধিক্যে প্রায়ই সংকট দেখা দেয়। প্যাথলজি, ইসিজি ও আল্ট্রাসনোগ্রাফির জন্যও বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে।
তবে, রোগীর চাপ বিবেচনায় হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে স্বাস্থ্যবিভাগ—এমন তথ্য রয়েছে।

কর্তৃপক্ষের বক্তব্য

প্যাথলজি বিভাগের ইনচার্জ পারভেজ মোশারাফ বলেন, ল্যাবে টেকনোলজিস্ট আছেন ছয়জন, এর মধ্যে চারজন স্বেচ্ছাসেবক। একশ’য়ের বেশি পরীক্ষা করা সম্ভব না। কেমিক্যাল সংকটের কারণে ২৬ প্রকার টেস্টের মধ্যে ১২-১৩টি পরীক্ষা করা যায় না।

আবাসিক মেডিকেল অফিসার ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা বলেন, হাসপাতাল আড়াইশ’ শয্যা হলেও অধিক রোগী থাকায় প্রতিটি পদে সমস্যা রয়েছে। বরাদ্দ, জনবল ও শয্যা বাড়াতে হবে। তবেই পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হবে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত বলেন, জনবল সংকটের মধ্যেই চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা চলছে। কিছু চিকিৎসকের দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগ আছে। কিন্তু প্রমাণ ও অভিযোগ না পাওয়া এবং যশোর জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজের দ্বৈতশাসন ব্যবস্থা চালু থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়ে ওঠে না।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)