বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি
শাহারুল ইসলাম ফারদিন
, যশোর
বেনাপোল কাস্টম হাউসে রাজস্ব আদায়ের ঘাটতি থাকলেও চলতি অর্থবছরের অক্টোবর মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে মোট ঘাটতি ছিল ৩৭৩ কোটি ২১ লাখ টাকা। চলতি ২০২৬-২৭ অর্থবছরের একই সময়ে সেই ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৫ কোটি ৮৪ লাখ টাকা। তবে, দুই অর্থবছরের অক্টোবর মাসের তুলনায় চলতি বছরে ঘাটতি কমেছে ১০৯ কোটি ৭২ লাখ টাকা।
রাজস্ব আদায়ের এই পরিস্থিতির মধ্যে বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাসের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান। মেনিফেস্ট দাখিল থেকে শুল্কায়ন ও চূড়ান্ত খালাস পর্যন্ত প্রতিটি পর্যায়ে দায়িত্ব নির্ধারণ, শেড পোস্টিংয়ে স্বচ্ছতা এবং অনিয়মের অভিযোগ তদন্তে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ ও পর্যালোচনার ওপর জোর দিয়েছেন তিনি।
অন্যদিকে, যশোর চেম্বারের সেক্রেটারি বলছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন প্রভাব ফেলছে বাণিজ্যে।
কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৪৮৭ কোটি টাকা। আদায় হয়েছে দুই হাজার ১১৩ কোটি ৭৯ লাখ টাকা। ঘাটতি ৩৭৩ কোটি ২১ লাখ টাকা। এর মধ্যে জুলাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় হলেও আগস্ট থেকে ঘাটতি বাড়তে থাকে। আগস্টে ৪৯৩ কোটি টাকার বিপরীতে আদায় হয় ৪৪৭ কোটি ৯৩ লাখ টাকা। সেপ্টেম্বরে ৬০১ কোটির বিপরীতে ৫১৩ কোটি ৫৮ লাখ টাকা এবং অক্টোবরে ৬৪৫ কোটির বিপরীতে আদায় হয় ৪৪৯ কোটি ২৮ লাখ টাকা।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল তিন হাজার ২৫৩ কোটি টাকা। আদায় হয়েছে দুই হাজার ১৮৮ কোটি দুই লাখ টাকা। ঘাটতি দাঁড়িয়েছে এক হাজার ৬৪ কোটি ৯৮ লাখ টাকা। জুলাইয়ে ৯৫০ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৪৭১ কোটি ২৩ লাখ টাকা। আগস্টে ৭৪৩ কোটির বিপরীতে ৫০০ কোটি সাত লাখ টাকা, সেপ্টেম্বরে ৮৮০ কোটির বিপরীতে ৬২১ কোটি ৮৬ লাখ টাকা এবং অক্টোবরে ৬৮০ কোটির বিপরীতে ৫৯৪ কোটি ৮৬ লাখ টাকা আদায় হয়েছে।
তবে, মাসভিত্তিক তুলনায় অক্টোবরের চিত্র কিছুটা আশাব্যঞ্জক। ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবরে ৬৪৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৪৪৯ কোটি ২৮ লাখ টাকা। ঘাটতি ছিল ১৯৫ কোটি ৭২ লাখ টাকা। চলতি অর্থবছরের অক্টোবরে লক্ষ্যমাত্রা কমে ৬৮০ কোটি টাকা হলেও আদায় বেড়ে হয়েছে ৫৯৪ কোটি ৮৬ লাখ টাকা। ফলে ঘাটতি নেমেছে ৮৬ কোটি টাকায়।
এদিকে, কাস্টমস ও বন্দরের তথ্য অনুযায়ী, ভারত থেকে পণ্য আমদানি কমে যাওয়া, আন্তর্জাতিক বাণিজ্যে ধীরগতি, শুল্ক কাঠামোয় পরিবর্তন এবং সাফটা সুবিধার অপব্যবহার রাজস্ব ঘাটতির অন্যতম কারণ। ২০২৫-২৬ অর্থবছর শেষে বেনাপোল কাস্টম হাউসে ১১ হাজার ২৯০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ছয় হাজার ৫৫৯ কোটি টাকা। ঘাটতি ছিল চার হাজার ৭৩১ কোটি টাকা।
চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে ২১ হাজার ২৩৩টি ট্রাকে চার লাখ ৩৪ হাজার ৮৬৮ দশমিক ৭৫৬ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়েছে ৪৮ হাজার ৪৪১ দশমিক ১৬৯ মেট্রিক টন পণ্য। রপ্তানিতে ব্যবহৃত হয়েছে ছয় হাজার ৩৩৫টি ট্রাক।
রাজস্ব আদায়ের পাশাপাশি পণ্য খালাসের প্রক্রিয়ায় অনিয়ম ও শুল্ক ফাঁকির অভিযোগও তুলেছেন ব্যবসায়ীরা। স্থানীয় সিঅ্যান্ডএফ ব্যবসায়ী শরীফুল ইসলাম বলেন, উচ্চ শুল্কযুক্ত দামি আমদানি পণ্য কাগজপত্র ও ভুয়া চালানের মাধ্যমে কম মূল্য বা ভিন্ন ধরনের পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে। নিয়ম অনুযায়ী কায়িক পরীক্ষা ও সঠিক শুল্কায়ন হওয়ার কথা থাকলেও কোনো কোনো পণ্যবাহী ট্রাক যথাযথ পরীক্ষা ছাড়াই ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে বন্দর এলাকা ছেড়ে যাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী জানান, দ্রুত পণ্য খালাসের প্রক্রিয়ায় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে। গোপন যোগসাজসে গেট পাসসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে সন্দেহজনক পণ্য ফের পরীক্ষা কিংবা শুল্ক ফাঁকির অভিযোগ যাচাইয়ের আগেই ট্রাক বের করে নেওয়া হচ্ছে।
সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাবিবুর রহমান হবি বলেন, রাজস্ব ফাঁকি ও পণ্য জালিয়াতিরোধে কাস্টমস কর্মকর্তাদের কিছু প্রশাসনিক উদ্যোগ দেখা গেলেও বন্দর কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বন্দরের নিরাপত্তা, গেট নিয়ন্ত্রণ ও পণ্য খালাসে যথাযথ নজরদারি নিশ্চিত করা গেলে অনিয়মের সুযোগ কমবে।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, সুশাসনের অভাব এবং নির্দিষ্ট কোনো গোষ্ঠীর দৌরাত্ম্য থাকলে সরকার রাজস্ব হারানোর ঝুঁকিতে পড়ে। শুল্ক ফাঁকির অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বন্দরের নিরাপত্তা ও পণ্য খালাসে প্রযুক্তিনির্ভর নজরদারি বাড়ানো প্রয়োজন।
এ পরিস্থিতিতে পণ্য খালাসের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন কমিশনার ফাইজুর রহমান। তিনি বলেন, মেনিফেস্টের বিপরীতে বিল অব এন্ট্রি দাখিল, পণ্য পরীক্ষণ ও শুল্কায়ন সম্পন্ন হয়েছে কি না এবং শুল্ক-কর পরিশোধের পর খালাসের অনুমোদন দেওয়া হয়েছে কি না তা নিশ্চিত করা প্রয়োজন। কোন পণ্য কোন শেডে রয়েছে এবং মেনিফেস্টের বিপরীতে আসা পণ্য যথাযথভাবে বের হচ্ছে কি না, সেসব তথ্যও যাচাই করতে হবে।
কমিশনার আরও বলেন, মেনিফেস্টের বিপরীতে যেসব পণ্য খালাস হয়নি, সেগুলো কোথায় ও কোন শেডে সংরক্ষিত রয়েছে, তার সঠিক হিসাব রাখতে হবে। শেড পোস্টিংয়ের ক্ষেত্রেও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। এতে কোনো চালান নিয়ে অভিযোগ উঠলে নথি ও তথ্য যাচাই করে দায় নির্ধারণ করা সহজ হবে। অনিয়ম তদন্তে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, ফুটেজ দেখার সুযোগ চেয়ে একাধিকবার জানানো হলেও তা পাওয়া যায়নি। প্রয়োজনীয় অনুমতি নিয়ে ফুটেজ সংরক্ষণের ব্যবস্থা করতে চিঠি দেওয়া হয়েছে, যাতে তদন্তের সময় ওই ভিডিও পর্যালোচনা করা যায়।
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান বলেন, রাজস্ব ঘাটতির অন্যতম কারণ আমদানি কমে যাওয়া। দীর্ঘদিন ভারতীয় ভিসা জটিলতার কারণে অনেক ব্যবসায়ী ভারতে গিয়ে পণ্য দেখা, নমুনা সংগ্রহ ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েনও ব্যবসায় প্রভাব ফেলেছে। পাশাপাশি বিশ্ববাজারে পণ্যের দাম বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের মানুষের ক্রয়ক্ষমতার সঙ্গে আমদানি পণ্যের দামের অসামঞ্জস্যে বাণিজ্য কমেছে। বেনাপোল বন্দরে প্রতিটি ট্রাকের মতভাগ পণ্য ওজন করা, সার্ভার জটিলতা এবং পণ্য খালাসে অতিরিক্ত সময়ও আমদানি কমার কারণ। তবে, সাম্প্রতিক সময়ে আমদানি আবার বাড়তে শুরু করেছে বলে জানান তিনি।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, কাস্টমস শুল্কায়ন ও পণ্য খালাসের অনুমোদন সংক্রান্ত কাজ করে। অন্যদিকে, বন্দর কর্তৃপক্ষ পণ্য সংরক্ষণ ও শেড ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। এসব কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জরুরি। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, পণ্যের সঠিক শুল্কায়ন এবং শুল্ক ফাঁকির অভিযোগ তদন্তে কাস্টমস সতর্ক রয়েছে। নিয়ম অনুযায়ী কাজ ও প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সমন্বয় বাড়ানোর বিষযেও গুরুত্ব দেওয়া হচ্ছে।