যশোর, বাংলাদেশ || সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

হাড়দ্দাহ: এক উঠানে দুই দেশ

আসাদুজ্জামান সরদার

, সাতক্ষীরা

প্রকাশ : সোমবার, ১৬ নভেম্বর,২০২৬, ১০:০০ এ এম
হাড়দ্দাহ: এক উঠানে দুই দেশ

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন থেকে দক্ষিণের সীমান্ত বেড়ি ধরে প্রায় পাঁচ কিলোমিটার এগোলেই হাড়দ্দাহ গ্রাম। আর এই সীমান্তেই দাঁড়িয়ে আছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ‘এক নম্বর সীমান্ত পিলার’। বাংলাদেশ ও ভারতের মাঝে আন্তর্জাতিক সীমান্তে মোট আট হাজার ৩৯৬টি সীমানা পিলার রয়েছে। ব্রিটিশ আমলে র‌্যাডক্লিফ কমিশনের দাগ টেনে দেওয়া সেই সীমানা আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ইছামতি নদীর তীরবর্তী এই পিলারটি মাটির উপরে প্রায় পাঁচ ফুট ও নিচে প্রায় ৪০ ফুট গভীরে রয়েছে। ছুটির দিনগুলোতে দূরদূরান্ত থেকে কৌতূহলী মানুষ এই বৈচিত্র্যময় সীমান্ত জীবন দেখতে ভিড় করেন। হাড়দ্দাহ সীমান্তের এই ভূখণ্ডে যেন ভূগোল এক অদ্ভুত খেলায় মেতেছে।

স্থানীয় বাসিন্দা ওসমানী গনি জানান, সীমান্তের এই অঞ্চলে এমনও অদ্ভুত দৃশ্য দেখা যায়, যার বাড়ি বাংলাদেশে হলেও রান্নাঘরটি পড়েছে ভারতের সীমানায়! আবার এপারে থাকা কোনো তালগাছের পাতা বা ফল গিয়ে পড়ে ওপারে। স্থানীয় পানিতর জামে মসজিদে আশপাশের মানুষ নিয়মিত নামাজ আদায় করেন।

এই সীমান্তবর্তী এলাকায় বর্তমানে প্রায় ১৪টি বাংলাদেশি পরিবার বসবাস করছে। সীমান্তের এই অজপাড়াগাঁয়ের জীবন সংগ্রামের এক বাস্তব চিত্র পাওয়া যায় স্থানীয় বাসিন্দা শওকত আলী গাজীর কথায়। একই বাবা মায়ের পাঁচ সন্তানের মধ্যে শওকত গাজী বাদে সবাই ভারতের নাগরিক হয়ে গেছেন।

ব্রিটিশ শাসকদের দেশভাগের ইতিহাস স্মরণ করে স্থানীয় বাসিন্দা শওকত গাজী বলেন, ‘দেশভাগের সময় যার যার ভাগ্য ও অবস্থান অনুযায়ী মানুষ দুই দেশে থেকে গেছেন। আমার পরিবার বাংলাদেশে অবস্থান করলেও ভাইয়েরা (দাউদ গাজী, আবেদ গাজী, মন্টু গাজী, সিরাজুল ইসলাম গাজীসহ অন্যান্যরা) ভারতের নাগরিক হিসেবে ভারতের মাটিতে বসবাস করছেন। পৈতৃক সূত্রে পাওয়া সেই জমিজমা ও সীমান্ত নির্ধারণের জটিল প্যাঁচের কারণে দুই পারে পড়লেও রক্তের টান মুছে যায় না।’
স্থানীয়রা বলছেন, একসময় দুই দেশের মানুষের মধ্যে অবাধ যাতায়াত ও জিনিসপত্র আদান-প্রদান হতো। কিন্তু এখন সীমান্তে কঠোরতার কারণে আগের মতো অবাধ যাতায়াত বা জিনিসপত্র আদান-প্রদান আর নেই। ফলে নেই চোরাচালানও।

হাড়দ্দাহ সীমান্তের মানুষের এই বিচিত্র জীবন দেখতে সম্প্রতি সেখানে বেড়াতে এসেছিলেন মেহেরুননেসা। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, এখানে এসে সত্যি খুব ভালো লেগেছে। দুই দেশের এক নম্বর সীমানা পিলার এবং দুই দেশের মানুষ কীভাবে পাশাপাশি বসবাস করছে—এই দৃশ্য দারুণ এক অনুভূতির জন্ম দিয়েছে।
বাংলাদেশ-ভারতের মধ্যে সম্পর্ক সবসময় একরকম থাকে না। কখনও শীতল হয়, কখনও উষ্ণতা পায়। কিন্তু এসবের আঁচ লাগে না সীমান্তের এই মানুষদের গায়ে। তারা বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক ও পারস্পরিক শ্রদ্ধাবোধকে অক্ষুণ্ন রেখেই এই এলাকায় বংশপরম্পরায় শান্তিতে বসবাস করে আসছেন।

এ প্রসঙ্গে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, হাড়দ্দাহ সীমান্তের এই দুর্গম অংশে বসবাসকারী ১৪টি বাংলাদেশি পরিবারের নিরাপত্তা ও সুরক্ষায় সীমান্তরক্ষী বাহিনী সর্বদা তৎপর রয়েছে। আন্তর্জাতিক সীমানা ও কঠোর নিরাপত্তার বিধিবিধান কঠোরভাবে বজায় রাখার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের শান্তিপূর্ণ জীবনযাত্রা নিশ্চিত করতে বিজিবির টহল দল ২৪ ঘণ্টা সজাগ ও নজরদারিতে নিয়োজিত রয়েছে।

‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে দুই দেশের মানুষের বহুকালের পারিবারিক ও সামাজিক মেলবন্ধনকে আমরা সবসময় সম্মান জানাই। এই সীমান্তে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় এবং সীমান্তবাসীর জীবনযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে,’ বলেন বিজিবি অধিনায়ক।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)