খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নে সংঘর্ষেরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায, তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম এবং মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোড়লের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার ও নির্বাচন পরবর্তী বিরোধ নিয়ে উত্তেজনা চলছিল।
এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এই ঘটনায় আহত হয়েছেন ইমরান (৪৫), ইরাদুল মোল্লা (৬০), কামরুল শেখ (৩৯), সাদি শেখ (৩৫) ও আনোয়ার (৪০)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ব্যাপারে মধুপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মূলত নির্বাচন পরবর্তী বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত। তবে আমাদের কতজন আহত হয়েছে তা এখনো সুনির্দিষ্টভাবে বলা সম্ভব হচ্ছে না।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিকালে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।