যশোর, বাংলাদেশ || বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi Subornovumi
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যমজ দুই শিশুর শেষ ঠিকানাও হলো একই কবর

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট,২০২৬, ০৪:৪৩ পিএম
যমজ দুই শিশুর শেষ ঠিকানাও হলো একই কবর

কুষ্টিয়ার দৌলতপুরে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমকে একই কবরে দাফন করা হয়েছে। জন্মের পর থেকে একসঙ্গে থাকা দুই শিশুর শেষ ঠিকানাও হলো একই কবর।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জানাজা শেষে দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া এলাকার কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরের পর আইসিইউতে নেওয়া হয়েছিল।

পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া মধ্যপাড়া গ্রামের নাহিদ হাসান (২৬) ও সানজিদা ইয়াছমিন মুক্তা (২২) দম্পতির ঘরে গত ৪ মে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় যমজ কন্যাশিশু জয়নব ও উম্মে কুলসুম।

জন্মের পর থেকেই তাদের বুক থেকে পেট পর্যন্ত অবিচ্ছেদ্যভাবে যুক্ত ছিল।

জোড়া লাগানো দুই শিশুকে নিয়ে পরিবারটির দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে গত রোববার বিকেলে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শিশু দুটির বাবা নাহিদ হাসানকে ফোন করেন।

তিনি জানান, শিশু দুটির অস্ত্রোপচার, পরবর্তী চিকিৎসা, ফলোআপসহ আনুষঙ্গিক সব খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।

এরপর কালবিলম্ব না করে সোমবার শিশু দুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা শুরু হয়।

কিন্তু চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও বুধবার দুপুরের পর হঠাৎ তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। আইসিইউতে নেওয়ার পর সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়ে জন্ম থেকেই একসঙ্গে থাকা দুই বোন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাদের মরদেহ যখন গ্রামের বাড়িতে পৌঁছায়, তখন স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিলগাথুয়া মধ্যপাড়া।

পরে জানাজা শেষে পাশাপাশি নয়, একই কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় জয়নব ও উম্মে কুলসুমকে-জন্মের মতো মৃত্যুতেও তারা রইল একসঙ্গে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)