মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে মাইনসদৃশ একাধিক বস্তু পাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি বোমা নিষ্ক্রিয়কারী (ডিসপোজাল) ইউনিট। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না।
স্থানীয়রা জানান, বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে এসব মাইনসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।
ঘটনাস্থলে অন্তত দশটি চাটকিসদৃশ বস্তু দেখা গেছে। এর মধ্যে কয়েকটি বক্সে ‘MPI 1967 MINE A/PERS ND P2 MK2’ লেখা রয়েছে। তবে এগুলো প্রকৃতপক্ষে মাইন, বোমা নাকি অন্য কোনো বস্তু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ জানান, ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্ডন করে রেখেছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও দলটি না আসায় স্থানীয়দের উৎকণ্ঠা বাড়ছে। পুলিশ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষা না হওয়া পর্যন্ত বস্তুগুলো সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।