বাগেরহাট প্রতিনিধি
মোরেলগঞ্জ উপজেলায় পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়া দু’টি খাল পুনর্খনন কাজ সম্পন্ন হওয়ার পর প্রকল্পের অব্যয়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় চার কিলোমিটার খাল পুনর্খনন, ছয়টি কাঠের পুল নির্মাণ এবং দশ হাজার গাছের চারা রোপণের জন্য বাস্তবায়িত দু’টি পৃথক প্রকল্পে মোট দুই কোটি ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার পর অব্যয়িত অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ভ্যাট ও আয়কর বাবদ আরও ১৫ লাখ ৫৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহসান উল্লাহ জানান, বলইবুনিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এবং খাউলিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে জনগুরুত্বপূর্ণ দু’টি খাল পুনর্খনন করা হয়েছে। প্রকল্প দুটিতে মোট ৪৩৮ জন শ্রমিক কাজ করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, পরিবেশ, প্রকৃতি ও দেশীয় মাছ রক্ষার লক্ষ্যে গৃহীত দু’টি প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে ও মান বজায় রেখে সম্পন্ন করা হয়েছে। কাজ শেষ করতে বরাদ্দের পুরো অর্থ ব্যয় হয়নি। তাই অব্যয়িত ৪২ লাখ ৪০ হাজার টাকা বৃহস্পতিবার সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়েছে।