সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় হারিয়ে যাওয়া ২৪টি মোবাইলফোন ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৮ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
সোমবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের সম্মেলন কক্ষে এসব ফোন ও টাকা হস্তান্তর করেন পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম।
এসময় পুলিশ সুপার বলেন, সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের চৌকস টিম চলতি বছরের জুন মাসের আগে হারিয়ে যাওয়া ২৪টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ৩৮ হাজার টাকা উদ্ধার করে ৩ জন ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়।
তিনি বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত খোয়া যাওয়া এক হাজার ৭০৩টি মোবাইলফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রতারিত হওয়া প্রায় অর্ধ কোটি টাকা ভুক্তভোগীদের কাছে ফেরত দেওয়া হয়েছে।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, মিথুন সরকার প্রমুখ।